ভারতে করোনা চিকিৎসায় রোবটের ব্যবহার

১৫ জুন, ২০২০ ২১:২৭  
করোনা চিকিৎসায় এবার রোবটের ব্যবহার শুরু করছে ভারতের রেল মন্ত্রণালয়। মূলত সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির দক্ষিণ-মধ্য রেল। কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় সূত্রের খবর, একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে রোবটকে পরিসেবার কাজে লাগানো হবে। সেক্ষেত্রে ব্যবহার করা হবে প্রধানত ওয়াই-ফাই নেটওয়ার্ক। অ্যাপে ইনস্টল করা রয়েছে রিয়েল টাইম ভিডিও ক্যামেরা। তার সঙ্গে যুক্ত থাকছে ‘প্যান’ এবং ‘টিল্ট’ পদ্ধতিরও। রোগীর শরীরের খুঁটিনাটি পর্যবেক্ষণ করবে ওই ক্যামেরা। করোনা রোগীর জ্বর বাড়লেই বেজে উঠবে অ্যালার্ম। সামাজিক দূরত্ববিধি মেনে শরীরের তাপমাত্রা মাপবে রিয়েল টাইম ভিডিও ক্যামেরা। রোগীর ওষুধ, পথ্য পৌঁছে দিতেও লাগবে না কোনও নার্স কিংবা স্বাস্থ্যকর্মীকে। রেল হাসপাতালে করোনার চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।